ইসরাইল-হামাস যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া - দিগন্ত জার্নাল

ইসরাইল-হামাস যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। চুক্তি অনুযায়ী, ধাপে ধাপে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে।

ট্রাম্প লিখেছেন, “মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ।” তিনি এটিকে একটি “মহাকাব্যিক যুদ্ধবিরতি” আখ্যা দিয়ে বলেন, এটি তার ঐতিহাসিক বিজয়ের ফলে সম্ভব হয়েছে।

ট্রাম্প আরও বলেন, তার প্রশাসন আমেরিকান এবং তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি বিশেষভাবে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বের প্রশংসা করেন এবং উল্লেখ করেন, গাজাকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়া থেকে রোধ করা হবে।

ট্রাম্পের মতে, তার দল মধ্যপ্রাচ্যে শক্তির মাধ্যমে শান্তির প্রসার ঘটাতে বদ্ধপরিকর এবং আব্রাহাম চুক্তির গতি অব্যাহত রাখবে। তিনি এ চুক্তিকে “বিশ্বের জন্য বড় সাফল্যের সূচনা” বলে উল্লেখ করেছেন।

an adbox will go here