যুদ্ধবিরতির আগেই গাজায় ইসরাইলের হামলা, নিহত ৮৭
আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত এসব হামলায় ৮৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২১ শিশু ও ২৫ নারী রয়েছেন।
জাবালিয়া শরণার্থী শিবিরে ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া খান ইউনিসসহ বিভিন্ন এলাকায়ও ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে।
হামাস ও ইসরাইলের মধ্যে ১৫ মাস ধরে চলা সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি হয়, যা রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে। তবে চুক্তির আগেই নতুন হামলার শঙ্কা করছে ফিলিস্তিনিরা।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত এবং এক লাখের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।