আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড - দিগন্ত জার্নাল

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খানমকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পিটিআই এ তথ্য নিশ্চিত করেছে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত আল-কাদির ট্রাস্ট নিয়ে দুর্নীতির অভিযোগে এই মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়, ট্রাস্টের আড়ালে ইমরান খান ও তার স্ত্রী প্রভাবশালী রিয়েল-এস্টেট ব্যবসায়ী মালিক রিয়াজ হুসেইনের কাছ থেকে ঘুষ হিসেবে জমি গ্রহণ করেছেন। যদিও ইমরান খান ও বুশরা বিবি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) মামলার রায় ঘোষণার পর পিটিআই এ মামলাকে ভিত্তিহীন দাবি করে জানায়, ইমরান খান ও তার স্ত্রী কেবল ট্রাস্টি ছিলেন এবং কোনো দুর্নীতি হয়নি।

এ রায় নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। ইমরান খানের সমর্থকরা এটিকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে উল্লেখ করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন পিএমএল-এন দল মামলাটিকে “সরাসরি ও দ্রুত নিষ্পত্তিযোগ্য” হিসেবে উল্লেখ করেছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

আল-কাদির ট্রাস্ট মামলার এই রায় পাকিস্তানের রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

an adbox will go here