ইসরাইলি নৃশংসতা আজীবন তাড়াবে ব্লিঙ্কেন: সাবেক কূটনীতিক
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরাইলের নির্বিচার ধ্বংসাত্মক হামলায় যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে আজীবন তাড়িয়ে বেড়াবে বলে মনে করেন সাবেক মার্কিন কূটনীতিক হালা রারিত।
গাজা যুদ্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহের প্রতিবাদে গত বছর এপ্রিলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন রারিত। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের আইনকানুন উপেক্ষা করে ইসরাইলকে অস্ত্র সরবরাহের এই সিদ্ধান্ত ছিল ইচ্ছাকৃত এবং আইন লঙ্ঘন।
রারিত বলেন, “গাজায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রশাসন ইসরাইলকে অস্ত্র দিয়ে গেছে। তারা পুরো প্রক্রিয়াকে ফাঁকি দিয়ে এই কাজ করেছে।”
যুক্তরাষ্ট্রের লেহি আইনসহ বেশ কয়েকটি আইনে মানবাধিকার লঙ্ঘনকারীদের কাছে অস্ত্র সরবরাহ নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে বাইডেন প্রশাসন।
গাজা যুদ্ধে ১৫ মাস ধরে ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজার ৮৭৬ ফিলিস্তিনি। খাদ্য ও ওষুধ সরবরাহে বাধার কারণে লাখো মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। অথচ ব্লিঙ্কেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, ইসরাইল কোনো বাধা দিচ্ছে না।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শেষ দিনেও ব্লিঙ্কেনকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। ওয়াশিংটন ডিসিতে তাকে ‘গণহত্যার পররাষ্ট্রমন্ত্রী’ বলে বিক্ষোভকারীরা স্লোগান দেন। সাংবাদিকরাও তাকে ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্টতার জন্য তীব্র প্রশ্নবাণে জর্জরিত করেন।
রারিত বলেন, “ইতিহাস ব্লিঙ্কেনের বিচার করবে। আর সেই বিচার শুরু হয়ে গেছে।”