কবি হাসান হাফিজ পাচ্ছেন খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার - দিগন্ত জার্নাল

কবি হাসান হাফিজ পাচ্ছেন খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কবি হাসান হাফিজকে এবারের খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। নেত্রকোণা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) নেত্রকোণার মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোণা সাহিত্য সমাজের আয়োজনে দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবে পুরস্কারপ্রাপ্ত প্রিয়জন কবি হাসান হাফিজের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। নেত্রকোণা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাল্গুনে একজন বরেণ্য লেখক, কবি বা সাহিত্যিককে এই পুরস্কারে ভূষিত করে আসছে।

কবি হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চার দশকের বেশি সময় ধরে সাহিত্য ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা এই কবি প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা করেছেন।

১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মগ্রহণকারী হাসান হাফিজ বাংলা ভাষা ও সাহিত্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আলাদা আলাদা এম.এ. ডিগ্রি অর্জন করেছেন। কবিতাচর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করে তিনি দেশের বিভিন্ন শীর্ষ পত্রিকায় কাজ করেছেন।

নেত্রকোণা সাহিত্য সমাজের উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ থাকবে না; নেত্রকোণা, বৃহত্তর ময়মনসিংহ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি-সাহিত্যিকদের মিলনমেলায় এটি পরিণত হবে। দিনব্যাপী এই সাহিত্য উৎসব সাহিত্যপ্রেমীদের জন্য একটি উল্লেখযোগ্য আয়োজন হতে যাচ্ছে।

an adbox will go here