মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অভিবাসী গ্রেফতার - দিগন্ত জার্নাল

মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ অভিবাসী দমন অভিযানে ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বুকিত বিনতাং এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৭১ জন বাংলাদেশি, ৬০ জন মিয়ানমারের, ২৪ জন ইন্দোনেশিয়ার, ১৬ জন নেপালের, ৩ জন পাকিস্তানের এবং মিশর ও সুদানের একজন করে রয়েছেন।

অভিযানে ধৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় বৈধ কাগজপত্র না থাকা এবং অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারদের নথিপত্র যাচাই এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন সদর দপ্তরে নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, বুকিত বিনতাং এলাকাটি স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। তবে অতিরিক্ত অভিবাসীদের কারণে পর্যটকদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হচ্ছে।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করে অভিবাসন আইন প্রয়োগ নিশ্চিত করা হবে।

an adbox will go here