শনিবার মুক্তি পাচ্ছেন চার ইসরাইলি নারী সেনা
আন্তর্জাতিক ডেস্ক:
গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে দ্বিতীয় দফায় শনিবার (২৭ জানুয়ারি) হামাসের হাতে বন্দি থাকা চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। ৪৭৭ দিন ধরে জিম্মি থাকা এই নারীরা হলেন লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, এই চারজন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে অপহৃত সাত নারী সেনার মধ্যে অন্তর্ভুক্ত। তাদের মধ্যে একজনকে আগেই জীবিত উদ্ধার করা হয় এবং অপর একজনকে হত্যার পর মরদেহ উদ্ধার করা হয়েছিল।
তবে, বন্দিমুক্তির তালিকায় থাকা পাঁচজন নারী সেনার মধ্যে আগাম বার্গার (২১) এখনও মুক্তি পাননি। এছাড়া, হামাসের বন্দিতে থাকা আরেক নারী বেসামরিক বন্দি আরবেল ইহুদ (২৯)-এর নাম মুক্তির তালিকায় নেই। ধারণা করা হচ্ছে, তিনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের কাছে বন্দি।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মুক্তির প্রক্রিয়া যুদ্ধবিরতির শর্ত কিছুটা লঙ্ঘন করলেও তারা বন্দিদের গ্রহণে সম্মতি জানিয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, প্রথমে নারী বেসামরিক বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল।
এই বন্দিমুক্তির প্রক্রিয়াকে গাজা যুদ্ধবিরতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করতে পারে।
সূত্র: টাইমস অব ইসরাইল।