সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরাইলকে প্রতিরোধের হুমকি হিজবুল্লাহর - দিগন্ত জার্নাল

সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরাইলকে প্রতিরোধের হুমকি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক:
লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী সোমবার (২৬ জানুয়ারি)। তবে ইসরাইল আরও ৩০ দিন সময় চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে। এর বিপরীতে, চুক্তি লঙ্ঘনের কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ।

নভেম্বরে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ইসরাইলকে দক্ষিণ লেবানন থেকে এবং হিজবুল্লাহকে ওই এলাকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে।

ইসরাইল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বৃহস্পতিবার বলেন, “লেবানন সেনাবাহিনী এবং ইউনিফিল (জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী) হিজবুল্লাহর জায়গা গ্রহণ করেছে, তবে আরও কিছু কাজ বাকি রয়েছে।”

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির সময়সীমা শেষ হলে ইসরাইল অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। অন্যথায়, তাদের প্রতিরোধ করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মার্কিন রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সময় বৃদ্ধির বিষয়ে আলোচনা করছেন। তবে ট্রাম্প প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যেই সেনা প্রত্যাহারের পক্ষে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ইসরাইলকে লেবানন থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে।

সূত্র: আল জাজিরা, ইসরাইলি আর্মি রেডিও।

an adbox will go here