৬২ শতাংশ ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চান - দিগন্ত জার্নাল

৬২ শতাংশ ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চান

আন্তর্জাতিক ডেস্ক:
২০২৩ সালের ৭ অক্টোবর
হামাসের হামলার পর ইসরাইলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন ৬২ শতাংশ ইসরাইলি। ইসরাইলি দৈনিক মারিভের পরিচালিত একটি জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ নাগরিক নেতানিয়াহুর পদত্যাগ চান, ২৯ শতাংশ তাকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান এবং ১৯ শতাংশ কোনও মন্তব্য করেননি। লিকুদ পার্টির ১৮ শতাংশ সমর্থকও নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৯৩ শতাংশ এবং ৩১ শতাংশ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১২০০ ইসরাইলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। ইসরাইলি সেনাবাহিনী গাজায় অভিযান শুরু করে, যার ফলে ১৫ মাসে ৪৭ হাজারের বেশি গাজার বাসিন্দা নিহত হন। তবে ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

জরিপে অংশ নেওয়া ২৮ শতাংশ বিশ্বাস করেন যে যুদ্ধবিরতি সফল হবে, তবে ৩৯ শতাংশ নিশ্চিত যে এটি টিকবে না।

an adbox will go here