ইসরাইল ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল, বিনিময়ে মুক্ত চার নারী সেনা - দিগন্ত জার্নাল

ইসরাইল ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দিল, বিনিময়ে মুক্ত চার নারী সেনা

আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজায় বন্দি বিনিময়ের মাধ্যমে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। বিনিময়ে হামাস চার নারী ইসরাইলি সেনাকে মুক্তি দিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের সহযোগিতায় এই বিনিময় সম্পন্ন হয়। মুক্তিপ্রাপ্ত চার নারী সেনা হলেন লিরি আলবাগ (১৯), কারিনা আরিয়েভ (২০), ডেনিয়েলে গিলবোয়া (২০) এবং নামা লেভি (২০)। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে তাদের বন্দি করেছিল হামাস।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, মুক্তিপ্রাপ্ত চার সেনাকে বর্তমানে বিশেষ ইউনিটের সঙ্গে ইসরাইলে ফিরিয়ে আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হবে এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

এই বন্দি বিনিময়ের মাধ্যমে ইসরাইল গাজার নেটজারিম করিডোর থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এতে গাজার উত্তরাঞ্চলের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার পথ উন্মুক্ত হবে। ইতোমধ্যে ফিলিস্তিনিরা তাদের জিনিসপত্র গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করেছে।

মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির আওতায় ছয় সপ্তাহের মধ্যে হামাসের হাতে থাকা ৩৩ ইসরাইলি বন্দি মুক্তি দেওয়া হবে। এর বিপরীতে ইসরাইল কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দি করা হয়। সংঘাত বন্ধে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে প্রথমবারের মতো যুদ্ধবিরতি চুক্তি হয়। এতে সাত দিনের মধ্যে উভয় পক্ষ বেশ কিছু বন্দি বিনিময় করে।

এবারের বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতিকে কূটনৈতিক মহলে শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে স্থায়ী সমঝোতার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

an adbox will go here