কঙ্গোতে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত, গোমা দখলের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্য আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, ৩ জন মালাউইয়ান এবং ১ জন উরুগুয়ের।
রোববার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহীদের অগ্রযাত্রা রুখতে গিয়ে শান্তিরক্ষীদের প্রাণহানি ঘটে। জাতিসংঘ এ অঞ্চলে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
এম২৩ গোষ্ঠী গোমার কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে, অন্যদিকে কঙ্গো রুয়ান্ডার বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থনের অভিযোগ তুলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে ফোনে কথা বলে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে রুয়ান্ডা ইতোমধ্যে সীমান্তে সেনা মোতায়েন করেছে এবং গোপনে কঙ্গোতে প্রবেশের অভিযোগ উঠেছে।
গোমার দখল নিতে এম২৩ গোষ্ঠী ও রুয়ান্ডার সেনারা যৌথভাবে পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার কঙ্গোর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করবে।
সংঘাতের ফলে এ বছর ৪ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের তথ্য জানিয়েছে। ২০১২ সালেও এম২৩ গোমা দখল করেছিল, যা আন্তর্জাতিক চাপের মুখে তারা ছেড়ে দেয়। এবার তাদের লক্ষ্য শহরটি দ্রুত দখল করা।