তিব্বতে বৃহৎ বাঁধ নির্মাণে ভারতকে চীনের আশ্বাস: ক্ষতির শঙ্কা নেই - দিগন্ত জার্নাল

তিব্বতে বৃহৎ বাঁধ নির্মাণে ভারতকে চীনের আশ্বাস: ক্ষতির শঙ্কা নেই

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন, যা তিব্বত মালভূমির পূর্ব প্রান্তে ইয়ারলুং জাংপো নদীর নিম্নভাগে স্থাপন করা হবে। বছরে প্রায় ৩০ হাজার কোটি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এই উচ্চাভিলাষী প্রকল্প শুরু করছে বেইজিং। তবে প্রকল্পটি প্রতিবেশী দেশ ভারতের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই নদী ব্রহ্মপুত্র নামে ভারতের আসাম ও অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

এ বিষয়ে ভারতকে আশ্বস্ত করে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়াং লেই বলেছেন, চীন কখনও প্রতিবেশীদের ক্ষতি করে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি নিবন্ধে তিনি জানান, চীন আন্তঃসীমান্ত নদীগুলোর উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষায় দায়িত্বশীল মনোভাব বজায় রাখে।

ওয়াং লেই আরও উল্লেখ করেন, চীন ইতোমধ্যেই ৫০টিরও বেশি পানিসম্পদ ব্যবস্থাপনা চুক্তি করেছে এবং সহযোগিতামূলক উন্নয়ন নীতিতে অটল। প্রকল্পটি বাস্তবায়নের সময় চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তথ্য ভাগাভাগি করবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, চীন ইতোমধ্যেই ইয়ারলুং জাংপো নদীর ওপরের দিকে জলবিদ্যুৎ প্রকল্প চালু করেছে এবং ভবিষ্যতে আরও প্রকল্প নির্মাণের পরিকল্পনা করছে। এই বাঁধ লাখ লাখ মানুষের পানির উৎস ব্রহ্মপুত্র নদের ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ থাকলেও চীন দাবি করেছে, এটি পরিবেশ ও প্রতিবেশীদের ক্ষতি করবে না।

an adbox will go here