গাজার চেকপয়েন্টে হাজার হাজার ফিলিস্তিনি অপেক্ষমাণ: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার নেটজারিম করিডোর চেকপয়েন্টে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন, যারা নিজের বাড়িতে ফিরতে বা স্বজনদের সঙ্গে পুনরায় মিলিত হতে চান।
নেটজারিম করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট, যা ইসরাইলি বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এর মাধ্যমেই ইসরাইল গাজার উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেয়।
ওসিএইচএ তাদের সামাজিকমাধ্যম এক্স (পূর্ববর্তী টুইটার) এক পোস্টে জানিয়েছে, ত্রাণ সংস্থা এবং স্থানীয় দাতব্য সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করছে, তবে তা যথেষ্ট নয়।
শনিবার থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তর অংশ ও বাকি অংশের মাঝে থাকা নেটজারিম করিডোরে একত্রিত হচ্ছেন। ইসরাইল গত রবিবার তাদের পারাপারের অনুমতি দেওয়ার কথা থাকলেও, এক নারী ইসরাইলি বন্দির মুক্তি নিয়ে বিতর্কের কারণে তা আটকে যায়।
তবে সর্বশেষ খবর অনুযায়ী, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, সোমবার সকালে ফিলিস্তিনিদের নেটজারিম করিডোর দিয়ে পার হতে দেওয়া হবে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, বর্তমানে প্রায় ৬ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার উত্তরে ফেরার অপেক্ষায় রয়েছেন।
ইসরাইল যদি অনুমতি দেয়, তবে সোমবার থেকেই হাজার হাজার মানুষ উত্তর গাজায় প্রবেশ শুরু করতে পারে। তবে ইসরাইল নতুন কোনো শর্ত আরোপ করতে পারে, যা আবারও এই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। পাশাপাশি, উত্তর গাজায় ফিরে গেলে মানুষ নিরাপদে থাকতে পারবে কি না, সেটি এখনো একটি বড় প্রশ্ন।