নাসার প্রথম নারী প্রশাসক জ্যানেট পেট্রো
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যানেট পেট্রো। ২০ জানুয়ারি, সোমবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত নাসায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। জ্যানেট পেট্রো নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি নাসার কর্মসূচি ও বাজেট তদারকি করবেন এবং সংস্থাটির নতুন প্রশাসন পর্যন্ত নেতৃত্ব দেবেন।
লিঙ্কডইনে এক বার্তায় পেট্রো বলেন, নাসা নতুন প্রশাসনের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে তার মিশন ও মূল্যবোধে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি নাসার কর্মীদের নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে উৎসাহিত করে বলেন, নতুন চ্যালেঞ্জ গ্রহণ না করলে নিজেদের উন্নতির সুযোগ হারাতে হবে।
জ্যানেট পেট্রো একজন প্রকৌশলী এবং সরকারি কর্মচারী। তিনি নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মার্কিন সামরিক একাডেমি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং মার্কিন সেনাবাহিনীর অ্যাভিয়েশন শাখায় কমিশনড অফিসার হিসেবে কাজ করেছেন। ২০১৮ সালে তিনি ফ্লোরিডা উইমেনস হল অব ফেমে অন্তর্ভুক্ত হন।
জ্যানেট পেট্রোর নিয়োগ মহাকাশ গবেষণায় নারী নেতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।