বিদেশি সহায়তায় ‘আমেরিকা প্রথম’ নীতির নির্দেশ ট্রাম্পের - দিগন্ত জার্নাল

বিদেশি সহায়তায় ‘আমেরিকা প্রথম’ নীতির নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনকে বিশ্বব্যাপী বিদেশি সহায়তা বরাদ্দের ক্ষেত্রে ‘আমেরিকা প্রথম’ নীতি অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের আওতায় মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর কর্মীদের জন্য একটি কড়া নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও হুমকি দেয়া হয়েছে।

এনডিটিভি সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইউএসএআইডির ১০ হাজারেরও বেশি কর্মীর কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে তারা ট্রাম্পের লক্ষ্য অর্জনে কীভাবে কাজ করবে, সে ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়।

নোটিশের মধ্যে ইউএসএআইডির ব্যবস্থাপনা ও সম্পদ বিভাগের সহকারী ক্যান জ্যাকসন বলেন, “আমাদের দায়িত্ব প্রেসিডেন্টকে তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সহায়তা করা, যা পরবর্তী দশকের জন্য গুরুত্বপূর্ণ।”

উল্লেখযোগ্য যে, ট্রাম্প তার প্রথম কার্যদিবসে বিদেশি সহায়তা পর্যালোচনার জন্য ৯০ দিনের স্থগিতাদেশ প্রদান করেছিলেন। এরপর, ২৪ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় মিশর ও ইসরাইল ছাড়া বিশ্বব্যাপী সব সহায়তা বন্ধের নির্দেশনা দেয়, যা কোটি কোটি ডলার ব্যয়ে মানবিক সহায়তাকে প্রশ্নবিদ্ধ করে।

মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সহায়তাকারী দেশ হিসেবে ২০২৩ সালে ৭২ বিলিয়ন ডলার বিদেশি সহায়তা প্রদান করেছে, এবং ২০২৪ সালে জাতিসংঘের তহবিলে সব মানবিক সহায়তার ৪২ শতাংশ একাই দিয়েছে।

an adbox will go here