১৫ মাস পর গাজাবাসীর চোখে আনন্দ অশ্রু - দিগন্ত জার্নাল

১৫ মাস পর গাজাবাসীর চোখে আনন্দ অশ্রু

আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ ১৫ মাস পর উত্তর গাজায় নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও ছয় ইসরাইলি জিম্মির মুক্তির নিশ্চয়তা দেওয়ার পর ইসরাইল গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দিয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) আল জাজিরা সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, হামাস ২৫ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় দফায় চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরাইল ২০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেয়। তবে, এরপরই ইসরাইল হামাসের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে এবং গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেয়নি।

এদিকে, রোববার হামাস আরও ছয় ইসরাইলি জিম্মিকে মুক্তির নিশ্চয়তা দেয়ার পর ইসরাইল জানায়, ২৭ জানুয়ারি থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে ফিরতে পারবেন। গাজার উত্তরাঞ্চলে ফেরার জন্য তাদের নেটজারিম করিডর পার করতে হবে, যেটি ইসরাইল আগে অবরোধ করে রেখেছিল।

তবে, ২৭ জানুয়ারি সকাল ৭টা থেকে ফিলিস্তিনিদের আল-রশিদ ও সালাহ আল-দিনের করিডোর অতিক্রমের অনুমতি দেওয়া হয়। ইসরাইলি সেনাবাহিনী জানায়, অনেক ফিলিস্তিনি ইতোমধ্যেই এসব করিডোর পার করেছেন।

গাজার উত্তরাঞ্চলে ফিরতে চলা ফিলিস্তিনিরা এই মুহূর্তটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন এবং এটি তাদের জন্য বিজয়ের এক দিন বলে উল্লেখ করেছেন। এক ফিলিস্তিনি বলেন, “আমরা আমাদের ঘর পুনর্নির্মাণ শুরু করব, ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে গড়ে তুলব।”

an adbox will go here