দুই ঘণ্টায় উত্তর গাজায় ফিরলেন দুই লাখ ফিলিস্তিনি - দিগন্ত জার্নাল

দুই ঘণ্টায় উত্তর গাজায় ফিরলেন দুই লাখ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ইসরাইলি ছয় জিম্মিকে মুক্তি দেওয়ার নিশ্চয়তার পর সোমবার প্রথম দুই ঘণ্টায় উত্তর গাজায় ফিরেছেন দুই লাখ ফিলিস্তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের অংশ হিসেবে ফিলিস্তিনিরা ঘরে ফেরার সুযোগ পান। তবে ইসরাইলি জিম্মিদের মুক্তি নিয়ে পূর্ব শর্ত পূরণ না হওয়ায় এতদিন তাদের ঘরে ফেরা স্থগিত ছিল।

গত শনিবার হামাস চার নারী ইসরাইলি সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইসরাইল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। পরে রোববার আরও ছয় ইসরাইলি জিম্মির মুক্তির প্রতিশ্রুতি দিলে ইসরাইল ফিলিস্তিনিদের ঘরে ফেরার অনুমতি দেয়।

উত্তর গাজায় ফেরা ফিলিস্তিনিদের উচ্ছ্বাস:
ইসরাইলি সেনাবাহিনী জানায়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে পায়ে হেঁটে এবং সকাল ৯টা থেকে যানবাহনে নেৎজারিম করিডর অতিক্রমের অনুমতি দেওয়া হয়। এই ঘোষণার পর হাজারো ফিলিস্তিনি করিডরের কাছে অপেক্ষারত অবস্থায় আনন্দে ফেটে পড়েন।

এক ফিলিস্তিনি বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক। আমরা আমাদের ঘর পুনর্নির্মাণ করব। ধ্বংসস্তূপ সরিয়ে আবার নতুন করে শুরু করব।” আরেক ফিলিস্তিনি নারী আবেগ প্রকাশ করে বলেন, “আমাদের মাতৃভূমিতে ফিরে আসতে পারার অনুভূতি যেন নতুন জীবনের মতো। আমরা বিজয়ী হয়েছি।”

চুক্তির শর্ত:
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বন্দিকে মুক্তি দেবে। প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরাইল ৩০ জন এবং প্রতি সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য এই ফেরা যেমন এক নতুন শুরু, তেমনি তাদের প্রিয়জন হারানোর বেদনাও বয়ে এনেছে। নতুন করে ঘরবাড়ি গড়ে তোলার প্রত্যয় নিয়ে তারা সামনে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন।

an adbox will go here