আফগানীন নারীরা পেলো পাকিস্তানে উচ্চশিক্ষার অনুমতি
আন্তর্জাতিক ডেস্ক:
নানা নাটকীয়তার পর তালেবান প্রশাসন আফগান নারীদের পাকিস্তানে উচ্চশিক্ষার অনুমতি দিয়েছে। তবে শর্ত হলো, তাদের পুরুষ অভিভাবক (মাহরাম) সঙ্গে থাকতে হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, শনিবার তালেবানের এ সিদ্ধান্ত ঘোষণার পর সেদিনই পাকিস্তানে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শত শত আফগান শিক্ষার্থী পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতা করেন। পেশোয়ার ও কোয়েটায় আফগান শরণার্থীরা সরাসরি পরীক্ষা দেন, আর আফগানিস্তানের শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা দেবেন।
পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক জানান, প্রায় ২১ হাজার আফগান শিক্ষার্থী সম্পূর্ণ অর্থায়িত আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রামের আওতায় আবেদন করেছেন। এর মধ্যে ১ হাজারের বেশি নারী। এই স্কলারশিপের জন্য ২ হাজার শিক্ষার্থীকে বাছাই করা হবে, যার এক-তৃতীয়াংশ স্থান নারী প্রার্থীদের জন্য সংরক্ষিত।
তালেবানের সিদ্ধান্ত নারীদের অধিকারে তাদের কঠোর নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিলেও, জাতিসংঘ একে লিঙ্গবৈষম্য হিসেবে সমালোচনা করেছে। তবে তালেবান দাবি করেছে, তাদের নীতিগুলো ইসলামিক আইন ও আফগান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এদিকে, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫-এ পাকিস্তানের ৪৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শীর্ষে রয়েছে কায়েদে-ই-আজম বিশ্ববিদ্যালয়। এছাড়া এয়ার ইউনিভার্সিটি, কমসাটস ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রভৃতি বিশ্ববিদ্যালয় তালিকায় রয়েছে।