নতুন মামলায় ফের রিমান্ডে আনিসুল-সালমান-আতিকুলসহ ৬ জন
দিগন্ত জার্নাল ডেস্ক:
পৃথক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, সালমান এফ রহমান ও আবদুল্লাহ আল-মামুনকে তিন দিন, আনিসুল হককে তিন দিন, আতিকুল ইসলামকে চার দিন, আসাদুর রহমানকে তিন দিন এবং তানভীর হাসান সৈকতকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হক, ৩ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গ্রেফতার হন। এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১০ মামলায় ৫৮ দিন, আনিসুল হকের ৪৬ দিন এবং সাবেক আইজিপি মামুনের ৬০ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
এছাড়া, আদালত সাবেক সচিব মো. মহিবুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল, আইনজীবী মনোয়ার হোসেন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন।