শ্রীবরদী থানা মসজিদে ইসলাহী বয়ান করেন শায়খ মুফতী হাফীজুদ্দীন
প্রতিবেদক, আব্দুল্লাহ ইউসুফ:
শেরপুর জেলার শ্রীবরদী থানা মসজিদে এক বিশেষ ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইসলামী জীবন বিধান ও নৈতিক শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আওলাদে রাসুল, ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর সুযোগ্য খলীফা, আল্লাহর মনোনীত দ্বীন প্রচারের মুখপাত্র, মাদানী মজলিসের সভাপতি ও পীরে কামেল শায়খুল হাদীস আল্লামা মুফতী হাফীজুদ্দীন দা. বা.। গতকাল ২৯ জানুয়ারি ২০২৫ (বুধবার) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত এ মজলিসে তিনি মুসল্লীদের সামনে ইসলামের মৌলিক বিধান, বিশেষত নামাজ ও কুরআন শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “নামাজ এমন একটি দেয়াল, যা আমাদের ঈমান রক্ষা করে। আমরা যদি নামাজের প্রতি যত্নশীল হই, তাহলে কোনো ষড়যন্ত্রকারী আমাদের ঈমান ধ্বংস করতে পারবে না।” তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা কুরআনে নামাজের বিষয়ে এতবার গুরুত্ব দিয়ে বলেছেন, যা অন্য কোনো বিধানের ক্ষেত্রে বলেননি। কিন্তু দুঃখজনকভাবে, আমরা নানা অজুহাতে নামাজ ছেড়ে দেই। এজন্য আমাদের জীবনের সর্বক্ষেত্রে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে এবং কুরআন শিক্ষার প্রতিও মনোযোগী হতে হবে।”
তিনি মুসল্লীদের পারস্পরিক মানবিক দায়িত্ব সম্পর্কে সচেতন করেন এবং বলেন, “আমাদের সামনে যদি কেউ বিপদগ্রস্ত হয়, তাহলে তার সাহায্যে এগিয়ে আসা মানবতার দাবি। নবী (সা.) বলেছেন, কেউ যদি কোনো বিপদগ্রস্তকে সাহায্য করে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকেও বিপদ থেকে উদ্ধার করবেন।” তিনি বর্তমান সমাজের অবক্ষয় ও যুব সমাজের সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “সচেতনতার অভাবে আজ আমাদের সন্তানরা বিপথগামী হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, পড়াশোনায় অমনোযোগী হচ্ছে। প্রশাসনের একার পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য অভিভাবকদেরও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সমাজ মাদকমুক্ত হবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
মজলিসে সাধারণ মুসল্লীদের পাশাপাশি শ্রীবরদী থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আব্দুল লতীফ, এসআই শাহজাহান, শ্রীবরদী থানার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট দেলওয়ার, শ্রীবরদী থানার অন্যতম পুলিশ সদস্য জনাব লুৎফুর রহমান ও অন্যান্য অফিসার্স ফোর্সের বিশিষ্ট সদস্যবৃন্দ। শায়খ হাফীজুদ্দীন দা. বা.-এর আগমনে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আব্দুল লতীফ অত্যন্ত খুশি প্রকাশ করেন এবং বলেন, “আমাদের থানায় আপনাকে স্বাগত জানাই। সম্মানিত ওসি সাহেব এবং থানার সকল পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।” শ্রীবরদী থানার সম্মানিত ওসি জনাব আনোয়ার জাহিদ এই মজলিস আয়োজনের বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন, তবে বিশেষ দায়িত্ব পালনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
বয়ানের শেষে শায়খ হাফীজুদ্দীন দা. বা. নিজের লেখা “মদ মাদকতা” বইটি পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য কর্মকর্তাদের হাদিয়া হিসেবে প্রদান করেন। এরপর এক হৃদয়স্পর্শী মোনাজাতের মাধ্যমে মজলিস সমাপ্ত হয়, যেখানে দেশ, জাতি, ইসলাম এবং মানবতার কল্যাণ কামনা করা হয়। বিদায়ের মুহূর্তে সাধারণ মুসল্লী ও থানার কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতা ও উদারতার পরিচয় দেন এবং ভবিষ্যতে আবারও এই অঞ্চলে আসার জন্য শায়খ দা. বা.-কে বিশেষভাবে আমন্ত্রণ জানান।