সিরিয়ায় আসাদের দল ও সেনাবাহিনী বিলুপ্ত, নতুন প্রেসিডেন্ট হিসেবে আল-শারা মনোনীত - দিগন্ত জার্নাল

সিরিয়ায় আসাদের দল ও সেনাবাহিনী বিলুপ্ত, নতুন প্রেসিডেন্ট হিসেবে আল-শারা মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে রাশিয়ায় পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টি এবং সিরিয়ার সংবিধান বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। এছাড়া বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীসহ ছোট-বড় সব সশস্ত্রগোষ্ঠী।

এছাড়া সিরিয়ায় বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই মাস পর সাবেক বিরোধীদলীয় কমান্ডার আহমেদ আল-শারাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানায়, এই মনোনয়ন নির্বাচনের আগ পর্যন্ত কার্যকর থাকবে।

বুধবার (২৯ জানুয়ারি) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানায়, নির্বাচন না হওয়া পর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন পেয়েছেন, যা নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত কাজ করবে।

এদিকে, সিরিয়ার বাথ পার্টি এবং অন্যান্য সামরিক গোষ্ঠী বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাগুলো দামেস্কে একটি বৈঠকে দেওয়া হয়েছে, যেখানে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সিরিয়ায় কবে নির্বাচন হবে তা এখনও নিশ্চিত নয়, তবে আল-শারা পূর্বে বলেছিলেন, নির্বাচনের জন্য প্রায় চার বছর সময় লাগতে পারে।

an adbox will go here