ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি সম্মানিত করার আশা করে ভারত
দিগন্ত জার্নাল ডেস্ক:
ভারত ও বাংলাদেশের সীমান্ত নিয়ে পরস্পরের সম্মতির ভিত্তিতে বিদ্যমান সব চুক্তি সম্মানিত করার আশাবাদ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।
এ মন্তব্যটি এমন একটি সময় এসেছে যখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সামনে রয়েছে। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লি-তে অনুষ্ঠিত হবে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী চারটি চুক্তির কথা উল্লেখ করে বলেন, ২০১০ সালের চুক্তির মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে এবং চুক্তিটি কিছুটা অসম।
এ বিষয়ে রণধীর জয়সোয়াল সাংবাদিকদের জানান, সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে আলোচনা হতে পারে। তিনি বলেন, ভারত আশা করে, দুই দেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো নির্মাণে সহায়ক এসব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে।