নিউমার্কেট থানায় হামলা: এজাহারভুক্ত আরও দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

নিউমার্কেট থানায় হামলা: এজাহারভুক্ত আরও দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার

দিগন্ত জার্নাল ডেস্ক:

ছাত্রদলের বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা মোহাম্মদ হোসাইন মিথুনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে নিউমার্কেট থানায় হামলার ঘটনায় জড়িত এজাহারভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন বিলাল ওরফে কালা বিলাল ও আল ওয়াসি ওরফে এরিক। জানা গেছে, দুজনই কলাবাগান থানা ছাত্রদলের নেতা এবং তাদের গ্রামের বাড়ি ভোলায়।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডির পানসি রেস্টুরেন্টের কাছ থেকে নিউমার্কেট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার পর তারা শরীয়তপুরে গিয়ে আত্মগোপন করেছিল। বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করা হয়।

১০ জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডের মালটিপ্ল্যান সেন্টারের সামনে কম্পিউটার সোসাইটির সভাপতি ওয়াহিদুল হাসান দিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়। তদন্তে মিথুনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর মিথুনকে ছাড়িয়ে নিতে নিউমার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা, এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় নিউমার্কেট থানার এসআই ওমর ফারুক ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান চলছে।

an adbox will go here