মোংলা ইউএনও আফিয়া শারমিন বদলি, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি - দিগন্ত জার্নাল

মোংলা ইউএনও আফিয়া শারমিন বদলি, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি

দিগন্ত জার্নাল ডেস্ক

বহুল সমালোচিত মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিনকে অবশেষে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে উত্থাপিত নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে, গত কয়েক দিন ধরে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটিসহ বিভিন্ন মহলের দাবির মুখে তাকে বদলি করা হয়।

রোববার এক দাপ্তরিক আদেশে আফিয়া শারমিনকে মোংলা থেকে প্রত্যাহার করে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া, মোংলা উপজেলায় নতুন ইউএনও হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমিকে পদায়ন করা হয়েছে।

আফিয়া শারমিনকে মোংলা থেকে প্রত্যাহার করা হলে স্থানীয় জনগণ ও বিভিন্ন মহলে স্বস্তি ফিরেছে। তার বিরুদ্ধে ছিল ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি, এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ।

বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা গত বছরের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার তালা উপজেলা থেকে মোংলায় ইউএনও হিসেবে যোগদান করেন। তবে তার ক্ষমতার অপব্যবহার এবং নানা বিতর্ক নিয়ে সম্প্রতি স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এর ফলস্বরূপ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে।

an adbox will go here