দিনাজপুর পার্বতীপুরের ইউএনও ফাতেমাকে বদলি
দিগন্ত জার্নাল ডেস্ক
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুনকে বদলি করা হয়েছে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীদের আন্দোলনের মুখে তিনি কার্যালয় ছেড়ে সরকারি বাসভবন থেকেই দাপ্তরিক কাজ করছিলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে ফাতেমাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
এর আগে, ইউএনও ফাতেমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং আওয়ামী প্রীতির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তার অপসারণের দাবিতে গত বুধবার দুপুর ৩টায় স্থানীয় শহীদ মিনার সড়কে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়। ওইদিন বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়, যা নিয়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। পরে অফিস কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ইউএনও কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে চলে যান এবং পরদিন থেকে সেখানে বসে দাপ্তরিক কাজ করতে থাকেন।
দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাতেমাকে রিলিজ দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক কমিটির পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি তারিকুল ইসলাম বলেন, “অনিয়ম ও দুর্নীতি করার জন্য আমরা রক্ত ঢেলে দেশকে স্বৈরাচারমুক্ত করিনি। কোনো অবস্থাতেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।”