হিলি সীমান্তে ধানক্ষেত থেকে সচল ড্রোন ক্যামেরা উদ্ধার
দিগন্ত জার্নাল ডেস্ক:
বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির ঘাসুড়িয়া সীমান্তের কাছে একটি ধানক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থাকা একটি ধানক্ষেত থেকে এ ড্রোনটি উদ্ধার করা হয়।
স্থানীয় কৃষক প্রফুল্ল টপ্প জানান, তিনি সন্ধ্যার দিকে ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় সেখানে পড়ে থাকা একটি ড্রোন দেখতে পান এবং সেটি বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি তিনি পুলিশকে জানান। রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবির একটি টহল দল তাঁর বাড়িতে গিয়ে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ড্রোনটি সচল অবস্থায় পাওয়া গেছে এবং এটি ভারতীয় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সেটি কোথা থেকে এবং কী উদ্দেশ্যে উড়ানো হয়েছিল, তা তদন্ত করে জানা যাবে। ড্রোনটি বর্তমানে হাকিমপুর থানায় রয়েছে এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় ড্রোনের এমন উপস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন ও সীমান্ত রক্ষা বাহিনী।