দিনাজপুরে সাবেক হুইপসহ ১২ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা - দিগন্ত জার্নাল

দিনাজপুরে সাবেক হুইপসহ ১২ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা

দিগন্ত জার্নাল ডেস্ক:

দিনাজপুরের কোতয়ালী থানায় সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ১২ জনের নাম উল্লেখ করে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি ২৭ মার্চ রাতে যুক্তরাজ্য প্রবাসী ওলিউর রহমান নয়ন বাদী হয়ে করেছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজবী, আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান, রশিদুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির সভাপতি মাসুদ আলম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ঠিকাদার শাহ আলম, সাবেক পৌর কাউন্সিলর মুক্তি বাবু, যুব মহিলা লীগ নেত্রী সৈয়দা সেলিনা মমতাজসহ অন্যান্যরা।

বাদী অভিযোগ করেছেন যে, ২০১৫ সালের জানুয়ারিতে তার শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধনের পর থেকে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায়, ২০১৬ সালের জানুয়ারিতে তাকে অপহরণ করে একটি রিসোর্টে নিয়ে নির্যাতন করা হয়। পরে ৩০ লাখ টাকা চাঁদা পরিশোধ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। মামলার অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ইকবালুর রহিমের প্রভাবে সৈয়দা সেলিনা মমতাজ বাদী হয়ে ভিকটিম সাজিয়ে ওলিউর রহমানের বিরুদ্ধে দুটি মামলা করেন। অর্থের বিনিময়ে আপোসে মামলা নিষ্পত্তি করার পর নিরাপত্তাহীনতার কারণে ওলিউর যুক্তরাজ্য চলে যান।

an adbox will go here