সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ১৫৫ জনের বিরুদ্ধে বিরলে মামলা
দিগন্ত জার্নাল ডেস্ক:
শনিবার, (২৪ মে ২০২৫) দিনাজপুরের বিরল উপজেলায় ২০১৮ সালের একটি নির্বাচনি সহিংসতার ঘটনায় সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে মোট ১৫৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিরল থানায় মামলাটি দায়ের করেন উপজেলার বিজোড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নামও উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিজোড়া ইউনিয়নের ভবানীপুর (বানিয়াপাড়া) মোড়ে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। সেখানে বিএনপি নেতাকর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তাদের মারধর, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে গুরুতর ক্ষতিসাধন করা হয়। অভিযোগে বলা হয়েছে, ওই দিন বিএনপির নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নৃশংসভাবে আক্রমণ চালানো হয়, যাতে অনেকেই গুরুতর আহত হন।
বাদীর অভিযোগ, এই সহিংসতার পেছনে মূল হুকুমদাতারা ছিলেন তখনকার ক্ষমতাসীন দলের শীর্ষ স্থানীয় নেতারা, যাদের নির্দেশেই হামলা সংঘটিত হয়। মামলার এজাহারে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে।
মামলাটি গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে বিরল থানা সূত্র। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই মামলাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে আসামিপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।