কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল - দিগন্ত জার্নাল

কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

দিগন্ত জার্নাল ডেস্ক:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ভিসি চত্বরের দিকে চলে যায়। এর আগে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্মম নির্যাতন ও নিপীড়ন আবারও ফিরে এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করার চেষ্টা হচ্ছে। ৫ আগস্টের পর আমরা আর জাহেলি আমলে ফিরতে চাই না। যারা ছাত্রলীগের মতো হতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো।”

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, “এ দেশে স্ট্যাম্প ও লাঠির রাজনীতি চলবে না। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি।”

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু বলেন, “যদি কেউ ছাত্রলীগের মতো ফিরে আসে এবং আমাদের ভাইদের উপর হামলা করে, তবে আমরা তা বরদাশত করব না। আমরা তাদের প্রতিহত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার রাজপথে নামবে। নতুন বাংলাদেশে ছাত্রলীগের স্টাইল ও ফ্যাসিবাদী কায়দায় হামলা চলবে না।”

এদিকে একই দাবিতে ছাত্র অধিকার পরিষদসহ কয়েকটি ছাত্র সংগঠনও বিক্ষোভ মিছিল করেছে।

an adbox will go here