গাজায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার পরিকল্পনা করছে ইসরাইল। মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
এক ইসরাইলি মুখপাত্র ওমর দোস্ত্রি স্থানীয় রেডিও ৯৪এফএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “হামাস যত বেশি দিন প্রত্যাখ্যান করবে, ইসরাইল তত বেশি সুবিধা পাবে।” তিনি আরও বলেন, “হামাসকে চাপ দেওয়ার জন্য আমাদের কাছে বেশ কয়েকটি পদক্ষেপ রয়েছে। আমরা সামরিকভাবেও প্রস্তুতি নিচ্ছি এবং গাজার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।”
এদিকে, নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি প্রথম ধাপ বাড়াতে চান। ফলে, প্রথম ধাপ শেষ হওয়ার পরই গত রোববার ইসরাইল সরকার গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয়।
অন্যদিকে, হামাস যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অবিলম্বে বসতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে। তারা গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।