নারী নির্যাতন মামলা পাঁচ বছরেও শেষ হয় না, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা - দিগন্ত জার্নাল

নারী নির্যাতন মামলা পাঁচ বছরেও শেষ হয় না, বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

নারী নির্যাতন মামলার বিচার ১৮০ দিনে শেষ করার নিয়ম থাকলেও বাস্তবে তা পাঁচ বছরেও শেষ হয় না। বর্তমানে দেশে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে ৩২,৯৭২টি মামলা।

সুপ্রিমকোর্টের তথ্যমতে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৩৪টি, তদন্তাধীন ২০ হাজার ১৮৩টি এবং উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে ১ হাজার ৬০৭টি মামলা। অথচ ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের জারি করা পরিপত্রে ১৮০ দিনের মধ্যে বিচার সম্পন্ন না হলে কারণ জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪০১ নারী, এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার ৩৪ জন এবং আত্মহত্যা করেছেন ৭ জন। যৌন হয়রানির শিকার হয়েছেন ১৬৬ নারী, পারিবারিক নির্যাতনে মারা গেছেন ২৭৮ জন এবং আত্মহত্যা করেছেন ১৭৪ জন।

নারী অধিকার সংগঠনগুলোর দাবি, বিচার বিলম্বের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম বলেন, “নুসরাত হত্যার বিচার দ্রুত শেষ হলেও বেশিরভাগ মামলার ক্ষেত্রে নজরদারি নেই। এতে অপরাধীরা দুঃসাহস পাচ্ছে।”

সুপ্রিমকোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম জানান, “বিচার বিলম্বিত হওয়ার মূল কারণ চার্জশিট দিতে দেরি, সাক্ষীদের উপস্থিত না হওয়া, ফরেনসিক পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং ভুক্তভোগীদের আপসের প্রবণতা।”

এদিকে, ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী ড. আসিফ নজরুল জানিয়েছেন, ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে এবং বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে আইন সংশোধন করা হবে।

an adbox will go here