মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - দিগন্ত জার্নাল

মাগুরায় শিশু ধর্ষণের বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দিগন্ত জার্নাল ডেস্ক :

মাগুরায় একটি শিশু ধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখের ৭ দিন এবং বাকি ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার মধ্যরাতে রিমান্ড শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা আদালতফটক অবরুদ্ধ করে দাবি জানায়, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির।

মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮), বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), এক অপ্রাপ্তবয়স্ক কিশোর (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)। পরিবারের অভিযোগ অনুযায়ী, ৬ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে শিশুটিকে ভেন্টিলেশনে নেওয়া হয়। শনিবার চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং শিশুটির পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

an adbox will go here