ইয়েমেনের নতুন হুঁশিয়ারি: গাজার সীমান্ত খুলে না দিলে ইসরাইলি জাহাজগুলোর ওপর হামলা - দিগন্ত জার্নাল

ইয়েমেনের নতুন হুঁশিয়ারি: গাজার সীমান্ত খুলে না দিলে ইসরাইলি জাহাজগুলোর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেন ঘোষণা দিয়েছে যে, গাজার সীমান্তে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য ইসরাইলের কাছে নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর তারা ইসরাইলি জাহাজগুলোর ওপর হামলা পুনরায় শুরু করবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথির নির্দেশে এই হামলা চালানো হবে। এর আগে আল-হুথি ইসরাইলি সরকারকে গাজার সীমান্তগুলো খুলে দেওয়ার জন্য চারদিন সময় দিয়েছিলেন, কিন্তু তেলআবিব হামাসের বন্দিদের মুক্তি আদায়ের লক্ষ্যে এসব সীমান্ত বন্ধ রেখেছে।

ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি মধ্যস্থতাকারীরা পরিস্থিতি সমাধান করতে ব্যর্থ হয়, তাহলে ইয়েমেন ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন আরও জোরদার করবে এবং এ কারণে লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মন্দেব প্রণালী ও এডেন উপসাগরে সমস্ত ইসরাইলি জাহাজের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইয়েমেনি বাহিনী সতর্ক করেছে যে, যদি কোনো ইসরাইলি জাহাজ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাহলে তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই নিষেধাজ্ঞা তখন পর্যন্ত কার্যকর থাকবে, যতক্ষণ না গাজার সীমান্ত খুলে দেওয়া হয় এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়।

an adbox will go here