সাউথবাংলা হাসপাতালে অপচিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইতে রুল - দিগন্ত জার্নাল

সাউথবাংলা হাসপাতালে অপচিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইতে রুল

দিগন্ত জার্নাল ডেস্ক :

নোয়াখালীর সাউথবাংলা হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও অপচিকিৎসার কারণে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ মার্চ) হাইকোর্টের মাননীয় বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি সাংবাদিক এমএ আউয়ালের পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়, সাউথবাংলা হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট চিকিৎসকসহ অন্যান্যদের বিবাদী করা হয়।

রিটে জানানো হয়েছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর সাউথবাংলা হাসপাতালে উম্মে সালমা নিশি নামে এক অন্তঃসত্ত্বা নারী চিকিৎসার জন্য আসলে, হাসপাতাল কর্তৃপক্ষ কোন পরীক্ষার পূর্বেই তাড়াহুড়া করে সিজার করে, যার ফলে মা ও নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণার বদলে রোগীকে কুমিল্লায় রেফার করে, যেখানে মৃত অবস্থায় তার চিকিৎসা করা হয়।

আইনি নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের বিরুদ্ধে অপচিকিৎসার কারণে মৃত্যুর দায় স্বীকারের পাশাপাশি ভিকটিমের পরিবারকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) জানান, “এ ধরনের হৃদয়বিদারক ঘটনা যে ঘটেছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, এবং তারা এর দায় এড়াতে পারে না।”

এছাড়া, আদালত পরবর্তী শুনানির জন্য রুলের জবাবের নির্দেশ দিয়েছে।

an adbox will go here