ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক :
ইয়েমেনের হুথিদের অবস্থানে মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পর শনিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্র এই হামলা চালায়।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামলার পর প্রাথমিকভাবে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও, হুথিদের সহযোগী আল মাসিরাহ টিভি জানিয়েছে, সাদায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে চার শিশু ও একজন নারী রয়েছেন। রাজধানী সানায় আরও ১৩ জন নিহত হওয়ায় মোট প্রাণহানি ২৩ জনে পৌঁছেছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
হুথিদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির তথ্য অনুযায়ী, মার্কিন হামলার পাশাপাশি ইয়েমেনের রাজধানী সানা ও সাদায় ইসরাইলি হামলার ঘটনাও ঘটেছে। এতে সাদার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।