২০২৫ সালে অর্থনীতিতে গতি আনতে চীনের সক্রিয় পদক্ষেপের অঙ্গীকার
আন্তর্জাতিক:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আরও সক্রিয় নীতিমালা গ্রহণের অঙ্গীকার করেছেন। নতুন বছরের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের চীনের জিডিপি অন্তত ১৭.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী।
শি জিনপিং তাঁর ভাষণে বলেন, অর্থনৈতিক স্থবিরতার মধ্যে থেকেও চীন নতুন কৌশল ও নীতিমালা প্রণয়ন করে উচ্চমানের উন্নয়ন ধরে রেখেছে। যদিও দেশটি নির্মাণ ব্যবসার মন্দা, স্থানীয় সরকারের ঋণের বোঝা এবং ভোক্তাদের আস্থার অভাবের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে চীন তা কাটিয়ে ওঠার জন্য দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো ও নির্মাণ খাত পুনরুজ্জীবিত করতে চীন ইতোমধ্যে সুদের হার কমানো এবং বাড়ি ক্রয়ের বিধিনিষেধ শিথিল করার মতো একাধিক পদক্ষেপ নিয়েছে। এছাড়া, ২০২৫ সালে সহজতর মুদ্রানীতি এবং ভোক্তা ব্যয় বৃদ্ধি নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সূত্রমতে, চীন আগামী বছরে প্রায় ৪১১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ট্রেজারি বন্ড ইস্যু করার পরিকল্পনা করেছে, যা অর্থনৈতিক চাঙাভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শি জিনপিং বলেন, “কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সব বাধা অতিক্রম করব। ঝড়ঝঞ্ঝার মধ্যেই আমাদের বৃদ্ধি অব্যাহত থাকবে। নিজেদের ওপর বিশ্বাস রাখাই আমাদের সফলতার মূলমন্ত্র।”