দ্বিতীয় দিনের মতো মাদানী মজলিস বাংলাদেশের ইফতার বিতরণ
দিগন্ত জার্নাল প্রতিবেদক:
পবিত্র রমজান মাস উপলক্ষে মাদানী মজলিস বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এবং দ্বীনের অতন্দ্র প্রহরী শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা.-এর নির্দেশনায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চলছে। ১৭ মার্চ, সোমবার, দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচলকারী যানবাহনের শ্রমিক ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এর আগে ১৬ মার্চ, রোববার, রাজধানীর মালিবাগ শহীদি মসজিদ ও রামপুরা ওয়াপদা রোড এলাকায় চলাচলকারী যানবাহনের শ্রমিক ও সর্বস্তরের রোজাদার যাত্রীদের মাঝে প্রায় ৪০০ ইফতার প্যাকেট বিতরণ করা হয়। এই মহতী ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদানী মজলিস বাংলাদেশ এর বিশিষ্ট কর্মী মাওলানা নাজমুল হাসান, মাওলানা হানযালা, মাওলানা জামীল ইকবাল, মাওলানা যায়েদ আব্দুল্লাহ, দ্বীনি ভাই জনাব আব্দুল্লাহ রাজিব, জনাব নাহিদুল ইসলাম এবং ক্ষুদে স্বেচ্ছাসেবক হাফেজ মিকদাদ বিন হাফীজুদ্দীনসহ মাদানী মজলিস বাংলাদেশ-এর অন্যান্য উদ্যমী কর্মীবৃন্দ।
ইফতার বিতরণ কার্যক্রম সম্পর্কে শায়খ মুফতী হাফীজুদ্দীন দা.বা. বলেন, “রোজাদারদের ইফতারের সময় ঘরে পৌঁছাতে না পারা এবং ইফতার থেকে বঞ্চিত হওয়া এক বিরাট কষ্টের বিষয়। এই উদ্যোগের মাধ্যমে রোজাদারদের কষ্ট লাঘব করা এবং তাদেরকে ইফতার করানোর মহৎ আমলটি সম্পন্ন করা হচ্ছে।” তিনি আরও বলেন, “রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে।”
এই উদ্যোগকে সাময়িক নয়, বরং ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শায়খ মুফতী হাফীজুদ্দীন। সমাজে সহমর্মিতা ও ভালোবাসার পরিবেশ তৈরি করতে এবং মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব আরও বৃদ্ধি করতে এই কার্যক্রম চালিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মাদানী মজলিস বাংলাদেশ-এর এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয় এবং আরও বেশি সৎকর্মে অংশগ্রহণের তাওফিক কামনা করা হয়।