হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বললেন জামাল - দিগন্ত জার্নাল

হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বললেন জামাল

দিগন্ত জার্নাল ডেস্ক :

অনেক অপেক্ষার পর হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশের ফুটবল দলে যোগ দিয়েছেন, এবং মাত্র ৬ দিনের মধ্যে তার অভিষেক হতে চলেছে লাল-সবুজ জার্সিতে। সোমবার এক সংবাদ সম্মেলনে হামজা চৌধুরী উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। সেখানে জামাল ভূঁইয়া হামজাকে ‘বাংলাদেশের মেসি’ আখ্যা দেন।

হামজার ফুটবল যাত্রা অনেকটা জামালের মতোই। দুজনেই প্রবাসী ফুটবলার, যারা পরবর্তীতে বাংলাদেশের জার্সি গায়ে তুলে দেশের হয়ে খেলছেন। জামাল বলেছেন, “হ্যাঁ, আমি যখন এসেছিলাম, তখন পরিস্থিতিটা কিছুটা এমনই ছিল।” তবে তিনি জানালেন, এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।

জামাল আরও যোগ করেছেন, “হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে আমাদের দলে আসছে, এটা আমাদের জন্য লিওনেল মেসির মতোই। আমি এইভাবে দেখছি বিষয়টাকে।”

হামজার দলে অন্তর্ভুক্তির পর, তার খেলার অবস্থান নিয়ে অনেক আলোচনা হয়েছিল। জামাল মনে করেন, হামজা দলে খুব ভালোভাবে মানিয়ে নেবে এবং সবাই তাকে স্বাগত জানিয়েছে। তার ভাষ্য, “সবাই তাকে সম্মান জানায় এবং জানে সে দলের জন্য কী নিয়ে আসতে পারে। হামজার আসাটা আমাদের জন্য অসাধারণ ব্যাপার।”

an adbox will go here