সিরিয়ার যুবকদের পদতলে পিষ্ট হবে মার্কিন ঘাঁটিগুলো: আয়াতুল্লাহ খামেনি - দিগন্ত জার্নাল

সিরিয়ার যুবকদের পদতলে পিষ্ট হবে মার্কিন ঘাঁটিগুলো: আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সিরিয়ার জনগণ এবং তাদের আত্মমর্যাদাশীল যুবকদের পদতলে পিষ্ট হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। তিনি আরও বলেন, আগ্রাসী শক্তিরা সিরিয়ার মাটিতে দীর্ঘদিন টিকে থাকতে পারবে না।

বুধবার (১ জানুয়ারি) শহিদ কাসেম সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর প্রাক্কালে আয়োজিত এক বিশেষ সমাবেশে তিনি এসব কথা বলেন। তাসনিম নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আয়াতুল্লাহ খামেনি বলেন, শহিদ কাসেম সোলাইমানি প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টকে উজ্জীবিত করতে কৌশলগত নীতি অনুসরণ করতেন। তার অবদান শুধু ইরানের জন্য নয়, বরং গোটা অঞ্চলের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন এবং প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে সবসময় সক্রিয় ছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য শুনতে শহিদ পরিবারগুলোর পাশাপাশি প্রতিরোধ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শহিদ সোলাইমানির পরিবারের সদস্যরাও।

আয়াতুল্লাহ খামেনি বলেন, “সিরিয়ার প্রকৃত মালিক হলেন সেখানকার জনগণ। মার্কিন সরকার একের পর এক সামরিক ঘাঁটি স্থাপন করলেও তাদের এই দখলদারিত্ব টিকবে না। আগ্রাসীদের উচিত অন্য জাতির ভূখণ্ড থেকে সরে যাওয়া। তা না হলে তারা সিরিয়ার আত্মমর্যাদাশীল যুবকদের শক্তি দ্বারা পরাস্ত হবে।”

তিনি আরও বলেন, সিরিয়ার জনগণ তাদের ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং মার্কিন আগ্রাসনকে নির্মূল করবে।

ইরানের সর্বোচ্চ নেতা ইয়েমেন, ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ সংগ্রামের ধারাবাহিকতার ওপর জোর দেন। তিনি বলেন, এই অঞ্চলে প্রতিরোধের মাধ্যমে আগ্রাসীদের হটানো সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আয়াতুল্লাহ খামেনি বলেন, “আজ বা কাল, সিরিয়ার জনগণ দখলদারদের বিরুদ্ধে জয়লাভ করবে। প্রতিরোধ সংগ্রামই তাদের বিজয়ের পথ দেখাবে।”

এই সমাবেশে তিনি শহিদ সোলাইমানির আত্মত্যাগ ও প্রতিরোধ সংগ্রামের জন্য তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

an adbox will go here