গাজায় ইসরাইলের হামলায় ৩৯ জন শহীদ, সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫০,১৮৩-এ পৌঁছেছে। বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় নিহতদের পাশাপাশি ১২৪ জন আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩,৮২৮-এ। মন্ত্রণালয় আরও জানায়, ‘অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না।’
গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে ইসরাইলি সেনাবাহিনী আকস্মিকভাবে গাজায় বিমান হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৮৩০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন।
এদিকে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গত নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)-এ ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।