সুদানের সেনাবাহিনীর দখলে খার্তুম, স্বাধীনতার ঘোষণা সেনাপ্রধানের
আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান রাজধানী খার্তুম বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি বিমানবন্দর পুনরুদ্ধার শেষে ‘খার্তুম স্বাধীন’ বলে ঘোষণা দেন।
গত দুই বছর বিমানবন্দরটি আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে ছিল। তবে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবার সেটি পুনরুদ্ধার করেছে। রয়টার্স জানিয়েছে, আরএসএফ বাহিনীর বেশিরভাগ সদস্য রাজধানী থেকে সরে গেছে এবং সেনাবাহিনী বেশ কয়েকটি এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে, দুই বছরের যুদ্ধের ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা।
এর আগে, গত শুক্রবার সেনাবাহিনী সুদানের রাষ্ট্রপতি প্রাসাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, যা এতদিন আরএসএফের দখলে ছিল। আলজাজিরার এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেনাপ্রধান বুরহান রাষ্ট্রপতির বাসভবনের ভেতরে অবস্থান করছেন এবং সেখান থেকে ‘খার্তুম স্বাধীন’ ঘোষণা দিচ্ছেন।
রাষ্ট্রপতির ভবন পুনরুদ্ধারের পর তথ্যমন্ত্রী খালেদ আল-আইসার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আজ পতাকা উত্তোলন করা হয়েছে, প্রাসাদ ফিরে এসেছে। তবে বিজয় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে।”
২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আধাসামরিক বাহিনী প্রাসাদ কমপ্লেক্স ও রাজধানীর বিশাল অংশ দখল করে রেখেছিল। উভয় পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
সাম্প্রতিক সময়ে দুই বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাজধানীতে কামান নিক্ষেপ, বিমান হামলা ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) জানিয়েছে, শুধু ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে অন্তত ২৭৫ জন নিহত হয়েছেন, যা আগের সপ্তাহের তুলনায় তিনগুণ বেশি।
সব মিলিয়ে ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।