হয়রানিমূলক ৬,৬৮১টি মামলা প্রত্যাহারের সুপারিশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে দায়ের করা হয়রানিমূলক ৬,৬৮১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
‘রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত হালনাগাদ তথ্য’ শীর্ষক এক নথিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয় পর্যায়ের কমিটি গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯টি সভায় মোট ৬,৬৮১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা পর্যালোচনা ও প্রত্যাহারের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে। মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) ও যুগ্ম সচিব (আইন) এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পর্যায়ের প্রতিনিধি। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার উপসচিব বা সমপর্যায়ের কর্মকর্তারা।
অন্যদিকে, জেলা পর্যায়ের কমিটির সভাপতি হলেন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা পুলিশ সুপার (মহানগর এলাকার জন্য পুলিশের একজন ডেপুটি কমিশনার) এবং পাবলিক প্রসিকিউটর (মহানগর এলাকার ক্ষেত্রে মহানগর পাবলিক প্রসিকিউটর)। জেলা পর্যায়ের কমিটির সদস্য-সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্র জানিয়েছে, এসব মামলার অধিকাংশই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নিরীহ ব্যক্তিদের হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল। সংশ্লিষ্ট কমিটি পর্যালোচনা করে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করেছে।