গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, ত্রাণ প্রবেশেও বাধা - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, ত্রাণ প্রবেশেও বাধা

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরাইলি তাণ্ডব অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক সমালোচনা ও হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট নেতানিয়াহু বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে নির্বিচারে বোমা বর্ষণ করছে। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে চলতি মাসের শুরু থেকেই বাইত লাহিয়া, রাফাহ, খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় হামলা আরও জোরদার করেছে ইসরাইলি সেনারা।

শুক্রবার ভোরে গাজার জাইতুন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন, খান ইউনিস শহরে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মধ্য গাজার এক ব্যস্ত বাজারে বোমা হামলায় ৭ জন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৮ জনে। এফ-১৬ যুদ্ধবিমান থেকে আবাসিক ভবন ও শরণার্থী শিবিরে বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। বেসামরিক নাগরিকদের ওপর এসব হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় কমপক্ষে ৫০,২০৮ ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,৯১০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যেই গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গত তিন সপ্তাহে ইসরাইল ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দিয়েছে, যেখানে আগে প্রতিদিন ৫০০-৬০০টি ত্রাণ ট্রাক গাজায় ঢুকত। ১৮ থেকে ২৪ মার্চের মধ্যে ৮২% ত্রাণ সহায়তা আটকে দিয়েছে ইসরাইলি বাহিনী। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির শিকার।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, “এটি মানবতার সবচেয়ে অন্ধকার সময়।” উত্তর গাজার বেইত হানুন ও বেইত লাহিয়া এলাকায় নতুন করে বাস্তুচ্যুত হাজারো মানুষ চরম মানবিক সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

an adbox will go here