মিয়ানমারে ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী
দিগন্ত জার্নাল ডেস্ক:
মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ জন নিহত এবং ৩ হাজার ৪০৮ জন আহত হয়েছেন। ভূমিকম্পের ফলে দেশটির বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।
প্রধান উপদেষ্টার নির্দেশে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ দুপুর ১২টায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে ১৬.৫০ টন শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।
এটি পরিকল্পিত ত্রাণ সহায়তার একটি অংশমাত্র। পরবর্তী সময়ে মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে আরও ত্রাণ সহায়তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল পাঠানো হবে। উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। চিকিৎসা সহায়তার জন্য সেনাবাহিনীর ১০ সদস্য এবং অসামরিক ডাক্তারদের সমন্বয়ে ১১ সদস্যের দুটি মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, এ মানবিক সহায়তা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকার যে কোনো বৈশ্বিক সংকটে মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।