যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন লিজ চেনিকে নাগরিক সেবা পদক প্রদান করবেন
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সাবেক রিপাবলিকান কংগ্রেসউওম্যান লিজ চেনিকে নাগরিক সেবা পদক প্রদান করবেন। চেনি, যিনি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত, উয়াওমিং অঙ্গরাজ্যের সাবেক হাউস প্রতিনিধি ছিলেন।
বাইডেনের এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প সতর্ক করে বলেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর চেনি আইনি সমস্যার মুখে পড়তে পারেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, লিজ চেনি ও আরো ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘দেশ ও জনগণের জন্য উদাহরণযোগ্য সেবার স্বীকৃতিস্বরূপ’ এই পদক প্রদান করা হবে।
এ বছর পদক পাওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক সিনেটর ক্রিস ডড, সাবেক হাউস প্রতিনিধি ক্যারোলিন ম্যাককার্থি এবং বর্তমান আইন প্রণেতা বেনি থম্পসন রয়েছেন। থম্পসন ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গায় ট্রাম্পের ভূমিকা নিয়ে তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন, আর লিজ চেনি ওই কমিটির ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
হোয়াইট হাউসের বিবৃতিতে চেনি সম্পর্কে বলা হয়েছে, ‘তিনি আমাদের জাতির মুক্তি, মর্যাদা ও শালীনতার আদর্শ রক্ষায় কণ্ঠ তুলেছেন এবং উভয় রাজনৈতিক পক্ষের মধ্যে সমঝোতার জন্য কাজ করেছেন।’ এছাড়া তার সততা ও সাহসকে স্মরণ করা হয়েছে, যা একসঙ্গে কাজ করার সম্ভাবনা সম্পর্কে আমাদের উদ্বুদ্ধ করে।
লিজ চেনি সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকান পার্টির মধ্যে ট্রাম্পবিরোধী কণ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেছেন, যদিও ২০২২ সালে তিনি কংগ্রেস সদস্যর আসন হারান একজন ট্রাম্পপন্থী প্রার্থীর কাছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে পুনরায় প্রবেশ করবেন এবং তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। গত মাসে ট্রাম্প এক পোস্টে বলেন, “লিজ চেনি অনেক সমস্যায় পড়তে পারেন, বিশেষ করে সাবকমিটির সংগৃহীত প্রমাণের ভিত্তিতে।” ডিসেম্বরে, রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস কমিটি চেনির বিরুদ্ধে সাক্ষীকে প্রভাবিত করার অভিযোগ তুলেছিল, যদিও চেনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: এএফপি