তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প - দিগন্ত জার্নাল

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

সদ্য দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে এবার সেই রীতিই ভাঙতে চান ট্রাম্প। তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি এই বিষয়ে রসিকতা করছেন না, তবে এখনো চিন্তার সময় আসেনি। এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, “না, আমি মজা করছি না; কিন্তু এটা নিয়ে ভাবার এখনই সময় নয়।”

তবে যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট টানা বা বিরতি দিয়ে দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না। এই আইন পরিবর্তন করতে হলে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোট এবং ৫০টি মার্কিন রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন প্রয়োজন।

যদিও ইতিহাসে এর ব্যতিক্রম ঘটেছে। ১৭৯৬ সালে জর্জ ওয়াশিংটন দুই মেয়াদের প্রেসিডেন্ট থাকার নজির স্থাপন করেন, যা ১৪০ বছরের বেশি সময় ধরে বজায় ছিল। তবে ১৯৪০ সালে ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন এবং পরে চতুর্থ মেয়াদেও দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর ১৯৫১ সালে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ সীমিত করা হয়।

ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা স্টিভ ব্যানন জানিয়েছেন, ট্রাম্প ও তার দল তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার উপায় খুঁজছেন। তবে বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের মধ্যেই সমালোচনা চলছে।

an adbox will go here