ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, স্বাচ্ছন্দ্যে চলছে যানবাহন
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি চলছে, ফলে লাখো মানুষ রাজধানী ছেড়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে গেছেন।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগসহ ব্যস্ত সড়কগুলো ঘুরে দেখা গেছে, সেগুলো প্রায় ফাঁকা। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কম, তবে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেলের চলাচল চোখে পড়েছে।
এক সিএনজি চালক মো. ফখরুদ্দিন বলেন, “রাস্তা ফাঁকা থাকলে গাড়ি চালানো আরামদায়ক, তবে যাত্রী কম থাকায় আয় কমে গেছে।”
চাকরিজীবী রোশনি বেগম বলেন, “সারা বছর ঢাকায় যানজটের ভোগান্তি থাকে, কিন্তু ঈদের ছুটিতে একটু শান্তি পাওয়া যায়। যদি ঢাকা সারাবছর এমন থাকতো, তাহলে কর্মজীবীদের জন্য জীবন অনেক সহজ হতো।”
ফাঁকা সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বের চাপও কম। তবে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।