‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে ঢাকায় বিক্ষোভ - দিগন্ত জার্নাল

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচিতে ঢাকায় বিক্ষোভ

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রতিবেদক: দিগন্ত জার্নাল

ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

দুপুর ১২টায় আয়োজিত এই বিক্ষোভে অংশ নেন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান স্টার টেকের কর্মকর্তা-কর্মচারীরাও।

বিক্ষোভে অংশ নেওয়া এক কর্মী বলেন, “গাজায় ইসরাইলি দখলদার বাহিনী যেভাবে শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, তা মানবতাকেও প্রশ্নবিদ্ধ করছে। অথচ বিশ্ব আজ নীরব। কোথায় গেল সেই মানবতা, কোথায় সেই নৈতিকতা?”

বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ সহ বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণ এই কর্মসূচি চলাকালীন সড়কে সাময়িক যানজট সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

একাধিক শিক্ষার্থী বলেন, “ফিলিস্তিনে চলছে নারকীয় গণহত্যা। হাজার হাজার শিশু হত্যা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড বন্ধ ও ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্ম রাজপথে সংহতি প্রকাশ করছি।”

ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থী বলেন, “আমরা আধুনিক সভ্যতায় বাস করি, কিন্তু মানবাধিকার নিয়ে যারা মুখে বড় কথা বলেন, তারা আজ চুপ। এভাবে চলতে পারে না। অনতিবিলম্বে এই আগ্রাসন বন্ধ করতে হবে।”

উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একযোগে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন ইসরাইলি হামলার বিরুদ্ধে।

দিগন্ত জার্নাল — সাম্যের আহ্বানে।

an adbox will go here