ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ - দিগন্ত জার্নাল

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
প্রতিবেদক: দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে রাজুতে একত্রিত হন।

বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিন মুক্তি পাক, জায়নবাদ নিপাত যাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’ প্রভৃতি স্লোগান দিয়ে গর্জে ওঠেন। এছাড়া তাদের হাতে দেখা যায় ‘আল আকসা মুক্ত করো, খিলাফত কায়েম করো’, ‘ভয়েস ফর দ্য ভয়েসলেস’, ‘যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কীসের বন্ধুত্ব’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড।

ঢাবি শিক্ষার্থীদের পাশাপাশি এই কর্মসূচিতে বুয়েটের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সকলে একসঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরাইলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানান এবং বিশ্ব নেতাদের প্রতি এই গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান বলেন, “ইসরাইলের উপর আল্লাহর গজব আসবে। তারা নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে, এর প্রতিফল একদিন পেতেই হবে। আমরা প্রতিবাদ করছি, আর যারা সামর্থ্যবান তারা যেন সাহায্যে এগিয়ে আসে।”

এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. ইসমাইল হোসেন বলেন, “একুশ শতকে এসেও এমন বর্বরতা সহ্য করতে হচ্ছে, কারণ পাশের আরব দেশগুলো নিশ্চুপ। এই নীরবতা ইসরাইলকে আরও উগ্র করেছে। আমরা চাই অবিলম্বে এই গণহত্যা বন্ধ হোক।”

এদিকে ঢাবি প্রশাসন স্বাধীন ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসও বন্ধ ছিল।

দিগন্ত জার্নাল — সাম্যের আহ্বানে।

an adbox will go here