সংস্কার ও নির্বাচন সমান্তরালভাবে চলবে:নুরুল হক নুর
দিগন্ত জার্নাল ডেস্ক :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫ || জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “নির্বাচন আগে না সংস্কার আগে—এই বিতর্কের দরকার নেই। সংস্কার ও নির্বাচন একসাথে চলবে, এটাই সরকারের ম্যান্ডেট।”
শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জনসভাটি আয়োজন করে গণঅধিকার পরিষদের সিঙ্গাইর উপজেলা শাখা।
‘গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর ছিল না’
নুরুল হক নুর বলেন, “এই জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের একক উদ্যোগে হয়নি, এটি ছিল জনগণের আন্দোলন। সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। অথচ এখন কিছু তরুণ নতুন রাজনীতির নামে পুরনো পথে হাঁটতে চাইছে।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে উঠেছিল। এখন কেউ যেন গণঅভ্যুত্থান নিয়ে এমন ব্যবসার চেষ্টা না করে।”
‘জাতীয় পরিষদ গঠন করে শান্তিপূর্ণ সমাধান’
নুর বলেন, “ক্ষমতার পালাবদল ও নির্বাচনের একটি শান্তিপূর্ণ পথ বের করতে হবে। এজন্য আমরা জাতীয় পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছি—যার সদস্য হবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধী দলের প্রতিনিধিরা। তারাই নির্ধারণ করবেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা।”
তিনি আরও বলেন, “আমরা চাই জাতীয় নির্বাচন প্রতি চার বছর পরপর হোক এবং একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকারপ্রধান হতে পারবেন না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন…
সিঙ্গাইর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, জেলা সভাপতি হাসান আলী, পাঠান আজাদ, গাজী রুবেল রানা, সবুজ হোসেন, মো. তোহা, নাদিম হাসান, আব্দুর রহমান এবং জাহিদুর রহমান বিশ্বাস প্রমুখ।